সরকারি স্কুল-কলেজ থেকে অফিস—সারা বছর মানতে হবে নতুন নির্দেশিকা

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে বছরব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর নবান্নের নির্দেশে তথ্য ও সংস্কৃতি বিভাগ বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। সেই অনুযায়ী সরকারি দফতর, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক এবং আইটিআই-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বছরজুড়ে নানা কর্মসূচি পালন করা হবে।

নির্দেশিকায় জানানো হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ সভা, বক্তৃতা, প্রবন্ধ, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় শিক্ষামূলক উপাদান প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে স্মারক বক্তৃতারও ব্যবস্থা করা হবে। জেলা ও ব্লক স্তরেও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী, সেমিনার এবং গণ-সংযোগমূলক কর্মসূচির আয়োজন করা হবে।

প্রতিটি জেলায় জেলাশাসকের নেতৃত্বে বিশেষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ড. মুখোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত স্থানগুলির সংরক্ষণ, স্থায়ী প্রদর্শনী, নথিপত্র ডিজিটাইজেশন এবং স্মারক ফলক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর হয়েছে এবং সারা বছর তা অনুসরণ করা হবে।

Share This Article
Leave a comment